যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’র রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক হলেন বাগমারার কামরুল • বাগমারায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ড • বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক : চাঁদা দাবির অভিযোগ; তদন্তে কৃষি কর্মকর্তার পদক্ষেপ • চৌহালীতে ‘উদ্যোগ’ কর্মসূচি বাস্তবায়নে ব্যাংকার ও তরুণদের সঙ্গে মতবিনিমিয় • সারিয়াকান্দি উপজেলা জিসাসের আহবায়ক কমিটি গঠন:আহবায়ক দিপু, সদস্য সচিব শামিম রহমান • তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ • সাভারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : ‘মা’ ডাক শোনার আগেই নিভে গেল কাজলের জীবন প্রদীপ • নন্নী এতিমখানার বেহাল রাস্তার কাজ উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুর রশিদ
লিঙ্ক কপি হয়েছে!

চৌহালীতে ‘উদ্যোগ’ কর্মসূচি বাস্তবায়নে ব্যাংকার ও তরুণদের সঙ্গে মতবিনিমিয়

চৌহালী উপজেলা প্রতিনিধি : প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

শহরকেন্দ্রিক উদ্যোক্তা বিকাশের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এবার উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়ছে তরুণ উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ। স্থানীয় পর্যায়ে সুপ্ত ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাঁদের ব্যবসায়িক ধারণা যাচাই-বাছাই, উদ্যোগের সম্ভাব্যতা নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যাংক অর্থায়নের আওতায় আনতে বিশেষ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

‘উদ্যোগ (UDYOG) উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামের এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং উৎপাদনশীল বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় শুধু প্রতিষ্ঠিত ব্যবসায়ী নন, নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে এগিয়ে আসা সম্ভাবনাময় তরুণরাও উদ্যোক্তা হিসেবে বিকশিত হওয়ার সুযোগ পাবেন। তাঁদের ব্যবসায়িক পরিকল্পনা, বিনিয়োগের প্রয়োজনীয়তা ও উদ্যোগের সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে ব্যাংক অর্থায়নের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে উদ্যোগগুলোকে টেকসই ব্যবসায়িক কাঠামোয় দাঁড় করানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ কর্মসূচির নীতিমালা পাঠিয়েছে। নীতিমালায় উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা শনাক্তকরণ, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন, তাঁদের ব্যবসায়িক সক্ষমতা মূল্যায়ন এবং প্রয়োজনভিত্তিক অর্থায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগের বিকাশে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে বিদ্যমান সম্পদ, দক্ষতা ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা সম্ভাবনাময় তরুণদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার বিষয়টিও এ কর্মসূচির অন্যতম বিবেচ্য।

কর্মসূচিতে কৃষিভিত্তিক শিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, পশুপালন, পর্যটন, সেবা খাত, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিনির্ভর স্টার্টআপসহ বিভিন্ন খাতে উদ্যোক্তা সৃষ্টির সম্ভাবনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট, ই-কমার্স, ফিনটেক, এডটেক ও এগ্রিটেকের মতো উদীয়মান খাতেও নতুন ব্যবসায়িক উদ্যোগের বিকাশকে উৎসাহিত করার কথা বলা হয়েছে।

নীতিমালায় প্রচলিত আইন অনুযায়ী বৈধ সব ধরনের ব্যবসা ও উদ্যোগকে এ কর্মসূচির আওতায় বিবেচনার সুযোগ রাখা হয়েছে। বিদ্যমান ব্যবসায়িক ধারণার পাশাপাশি নতুন ও উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনাও মূল্যায়নের ভিত্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে। ফলে উপজেলা পর্যায়ে স্থানীয় চাহিদা, বাজার সম্ভাবনা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে উদ্যোক্তা বিকাশের নতুন ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির বিষয়ে উদ্যোক্তা ও ব্যাংকারদের অবহিত করতে সোমবার (১৬ নভেম্বর) সকালে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসান শাকিল এর সভাপতিত্বে ও  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো: আবদুল হান্নান এর সঞ্চালনায় এসময় সোনালী ব্যাংক খাষকাউলিয়া শাখার ম্যানেজার শরিফুল ইসলাম, এনায়েতপুর ট্রাস্ট ব্যাংক পিএলসির অফিসার মো: আল-আমীন, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী ও খাষকাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ে উদ্যোক্তা অনুসন্ধান ও ব্যাংক অর্থায়নের এ উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে। বিশেষ করে পুঁজির অভাবে যাঁদের ব্যবসায়িক সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে না, তাঁদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ সৃষ্টি হতে পারে।

তবে এ কর্মসূচির সফলতা নির্ভর করবে প্রকৃত উদ্যোক্তা নির্বাচন, সহজ শর্তে ঋণপ্রাপ্তি, সময়োপযোগী ব্যাংকিং সেবা এবং অর্থায়ন-পরবর্তী তদারকির কার্যকারিতার ওপর।