নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যান ও তাঁর ভাইয়ের ৭টি খড়ের গাদায় অগ্নিসংযোগ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান ও তাঁর ভাইয়ের খড়ের গাদায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে প্রায় ১০ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামে মাহাবুর রহমান ও তাঁর ভাই আবুল কালাম আজাদের বাড়িসংলগ্ন স্থানে রাখা খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন দেয়। এতে তাঁদের প্রায় ১০ বিঘা জমির খড়ের সাতটি গাদা পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়।
এ বিষয়ে ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান বলেন, প্রায় ১০ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া আগুনে ডিশ ও ওয়াই-ফাইয়ের তার পুড়ে যাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বাবু বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো বিবরণ তাঁদের কাছে নেই।
