
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দিকনির্দেশনায় রাজশাহী সীমান্তে কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানি মালামাল জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
আজ শুক্রবার (০৬ নভেম্বর) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ০৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে ৬ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবির অধীনস্থ প্রেমতলী বিওপি, ইউসুফপুর বিওপি এবং মাজারদিয়া বিওপির আভিযানিক দলগুলো গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় নিম্নলিখিত চোরাচালানি ও মাদকদ্রব্য জব্দ করা হয়: ৫৯ বোতল ভারতীয় জেডি মদ, ৭,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১০৪ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট (DR.x-100mg), ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য নিজ দায়িত্বপূর্ণ থানায় এবং অন্যান্য চোরাচালানি মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।