রাজধানীর শাহজাহানপুর থানাধীন শান্তিবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম সাইফ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শান্তিবাগের ১৮৭ নম্বর ২৪ তলা ভবনের নবম তলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পরবর্তীতে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলাম সাইফ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছিলেন।
স্বজনরা জানান, তাকে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া পাঠানোর প্রক্রিয়া চলছিল এবং এর পাশাপাশি তিনি প্রাইভেট পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় আমি বাড়ির ছাদে অবস্থান করছিলাম। বাসায় তখন দুই ছেলে ও তাদের মা ছিলেন। একপর্যায়ে ঘরের ভেতরে দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া ও মারামারি শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ১৭ বছর বয়সী ছোট ভাই সাইম উত্তেজিত হয়ে বড় ভাই সাইফের গলার নিচে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরবর্তীতে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় আমরা সাইফকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে এখানকার কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরো বলেন, দুই ভাইয়ের মধ্যে কি বিষয় নিয়ে ঝগড়া এবং মারামারি লেগেছিল সে বিষয়ে কিছুই বলতে পারবো না ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।