সিরাজগঞ্জের কাজিপুরে নিবন্ধনবিহীন কোম্পানির কীটনাশক ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার সোনামুখি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল সার ও কীটনাশক বিক্রির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া।
এ সময় দোকানগুলোতে সার বিক্রির সময় যথাযথভাবে রেজিস্টার ও বিক্রয় রশিদ ব্যবহার না করা, অননুমোদিত পণ্য রাখা এবং নিবন্ধনবিহীন কোম্পানির কীটনাশক ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধ প্রমাণিত হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে জনপ্রিয় ট্রেডার্সকে ১২ হাজার টাকা এবং আমিনা ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোজাহিদুল ইসলামসহ পুলিশ টিমের সদস্যরা।