পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোসা. জেসমিন বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ হাইস্কুল মাঠের উত্তর পাশে ফজিলত বেগমের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জেসমিন বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার জেসমিন বেগম শ্যামলীবাগ এলাকার মো. মিজানুর রহমানের স্ত্রী এবং মো. দুলাল বেপারী ও ফজিলত বেগমের মেয়ে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় গলাচিপা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। ১ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ১।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে গলাচিপা থানা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।