দেশব্যাপী আলোচিত রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, এই মামলার রায় দেশের বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
রায়ের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রামিসার ওপর সংঘটিত নৃশংসতা দেশবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছিল। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত তদন্ত, আলামত সংগ্রহ, ডিএনএ পরীক্ষা এবং চার্জশিট দাখিলের মাধ্যমে পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।”
তিনি আরও বলেন, “আদালত সাক্ষ্য-প্রমাণ ও আইনি বিশ্লেষণের ভিত্তিতে যে রায় দিয়েছেন, তা ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে, অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না।”
সাজা কার্যকরের বিষয়ে তিনি বলেন, “প্রচলিত আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের রায় উচ্চ আদালতের অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। পরবর্তী সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, এ রায় নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, “সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করে যাবে।”