সিরাজগঞ্জের চৌহালীতে আর,জেড,পি,স্কুলের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন বৃত্তি’ এবং সেমিস্টার পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মনিরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর,জেড,পি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস,এম রিয়াজ উদ্দিন সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রমিজউজ্জামান লুৎফর, সহকারী শিক্ষক আ: রউফ, সহকারী শিক্ষক মনিরুজ্জামান মিলন, সহকারী শিক্ষক নাসির উদ্দীন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো: জিয়াউর রহমান প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি ও পুরস্কার বিতরণী অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সেমিস্টার পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এবং বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন বৃত্তিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও বৃত্তির সনদ তুলে দেন অতিথিরা।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, এই স্বীকৃতি আগামী দিনে আরও ভালো ফলাফল করতে তাদের অনুপ্রাণিত করবে।