বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে বিদ্যালয়ের খেলার মাঠের সীমানাপ্রান্ত থেকে গোলবার পোস্ট সরিয়ে মাঠের মাঝামাঝি স্থানে স্থাপন করার অভিযোগ উঠেছে স্থানীয় মিজানুর রহমান ও তাঁর ছেলে নাঈমের বিরুদ্ধে।
এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয়দের উপস্থিতিতে গোলবার পোস্টটি আবার আগের স্থানে স্থাপন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ৪ নম্বর থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা মাঝগ্রাম আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার তরুণ ও যুবকদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে মাঠের জায়গা দখলমুক্ত করার দাবিতে গত ৩ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন থালতা মাঝগ্রাম এলাকার বাসিন্দারা।
অভিযোগে বলা হয়, আব্বাস আলীর ছেলে মিজানুর রহমান সরকারি খাস জায়গায় বসবাস করে আসছেন। পরবর্তীতে সরকার তাঁর দখলে থাকা জায়গা ৯৯ বছরের জন্য লিজ দেয় এবং দলিল সম্পাদন করে।
তবে অভিযোগকারীদের দাবি, মিজানুর রহমান খেলার মাঠের কিছু অংশ বাঁশ ও সিমেন্টের খুঁটি দিয়ে বেড়া দিয়ে ঘিরে রেখেছেন। এতে শিক্ষার্থী, শিশু-কিশোর ও এলাকার তরুণদের খেলাধুলায় বিঘ্ন ঘটছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে তাঁর বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে বলে জানা গেছে।
এরই মধ্যে সোমবার দিবাগত রাতে বিদ্যালয়ের মাঠের সীমানাপ্রান্তে থাকা গোলবার পোস্ট তুলে মাঠের মাঝামাঝি স্থানে সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাঁদের দাবি, মিজানুর রহমান ও তাঁর ছেলে নাঈম লোকজন নিয়ে রাতের আঁধারে গোলবার পোস্টটি সরিয়ে দেন।
গ্রামবাসী জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকার তরুণ ও যুবকেরা নিজেদের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন। কিন্তু মাঠের জায়গা নিয়ে বিরোধ এবং গোলবার পোস্ট সরিয়ে নেওয়ার ঘটনায় খেলাধুলা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় যুবকদের অভিযোগ, মিজানুর রহমানের দখলে মাঠের কিছু জায়গা থাকায় শিশু-কিশোর ও তরুণদের স্বাভাবিক খেলাধুলা দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে এবং থালতা মাঝগ্রাম ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার মাধ্যমে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। মঙ্গলবার সকালে গোলবার সরানোর বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী ও স্থানীয় লোকজন বিদ্যালয়ের মাঠে জড়ো হয়ে প্রতিবাদ জানান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, মাঠের জায়গা নিয়ে বিরোধের জেরে এর আগেও একাধিকবার ঝগড়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া মিজানুর রহমান এর আগে বেলাল হোসেন, ইকবাল হোসেন, হেলাল হোসেন ও মাসুদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, উক্ত জায়গা আমি সরকারের কাছ থেকে লিজ নিয়েছি। দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছি। জায়গাটি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। আদালত যে রায় দেবেন, আমি তা মেনে নেবো।
স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী বলেন, ওই জায়গা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু মামলা চলমান থাকা অবস্থায় রাতের আঁধারে মিজানুর রহমান গোলবার পোস্ট তুলে মাঠের মাঝখানে স্থাপন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ ঘটনাস্থলে পৌঁছান। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এসআই আব্দুর রউফ জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গোলবার পোস্ট সরানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিলো। পরে সবার উপস্থিতিতে অভিযুক্তের সম্মতিক্রমে যুবসমাজের খেলাধুলা চালু রাখার স্বার্থে গোলবার পোস্টটি আগের স্থানে স্থাপন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, বিষয়টি আমরা অবগত রয়েছি। সংসদ সদস্য মহোদয়ও বিষয়টি জানেন। তিনি নির্দেশ দিয়েছেন, এ নিয়ে যেনো কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। জায়গাটি মাপজোখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান করতে বলা হয়েছে। খুব দ্রুত সার্ভেয়ার দিয়ে জায়গা মাপজোখের মাধ্যমে বিষয়টির সুরাহা করা হবে।