বগুড়ার নন্দীগ্রামে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামারুম মনিরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল হাসান পলিন, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল ইসলাম, জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হক, সুজন কুমার, শাহাদত হোসেন, সোহেল রানা, আব্দুস সালাম, সুমাইয়া ইয়াছমিন ও মোস্তারিন নুসরাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং কৃষক-কৃষাণীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নন্দীগ্রাম উপজেলায় ৫ হাজার ৩০০ জন কৃষককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে এমওপি সার এবং ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হচ্ছে।
পরে সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন উপজেলা প্রশাসনের আয়োজনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তি এবং ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
এ ছাড়া উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কৃষিঋণের চেক বিতরণ করেন তিনি।