দীর্ঘ ৫৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লোহালিয়া নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত বগা সেতু। প্রায় ১ হাজার ৪৯৩ কোটি ৬৭ লাখ টাকার এ প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। তবে মূল নির্মাণকাজ শুরুর আগেই নদীর পশ্চিম প্রান্তে দুমকী উপজেলার চরগরবদি এলাকায় চলছে বালু ভরাট, নির্মাণস্থল প্রস্তুত ও অস্থায়ী সড়ক নির্মাণের কাজ।
সরেজমিনে দেখা গেছে, বাউফলের বগা ফেরিঘাট থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে সেতু নির্মাণের প্রস্তুতি চলছে। নদীর তীরবর্তী এলাকায় জিওব্যাগ ও বালু দিয়ে অস্থায়ী সুরক্ষাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নির্মাণসামগ্রী পরিবহনের জন্য তৈরি করা হচ্ছে অস্থায়ী সড়ক। এ কাজে চীনা প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীদের একটি দল যুক্ত রয়েছে। সংযোগ সড়কের জন্য দুমকী অংশে কৃষিজমি অধিগ্রহণের কার্যক্রমও সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, সেতুর মূল দৈর্ঘ্য ১ দশমিক ৩৫৬ কিলোমিটার এবং সংযোগ সড়ক হবে ২১ দশমিক ২২ কিলোমিটার। প্রকল্পে চীন সরকারের অনুদান ৮৬৭ কোটি ৬৭ লাখ টাকা এবং বাংলাদেশ সরকারের অর্থায়ন ৬২৬ কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি মূল নির্মাণকাজ শুরু হয়ে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বগা ফেরিঘাটে যানবাহন ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। বিশেষ করে অসুস্থ রোগী, শিক্ষার্থী ও কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ চরমে পৌঁছায়। স্থানীয় বাসিন্দা কাওসার হাওলাদার বলেন, “অসুস্থ রোগী নিয়ে ফেরিতে পার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সেতু হলে এই দুর্ভোগ কমবে।” ব্যবসায়ী রহিম মোল্লার মতে, ফেরির কারণে পণ্য পরিবহনে সময় ও অর্থের অপচয় হচ্ছে।
সেতুটি নির্মিত হলে বাউফল, দশমিনা ও গলাচিপার সঙ্গে পটুয়াখালী, বরিশাল ও ঢাকার যোগাযোগ সহজ হবে। পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা তৈরি হবে।
তবে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হলেও এখন বড় চ্যালেঞ্জ নির্ধারিত সময়ে মূল নির্মাণকাজ শুরু এবং নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করা।
এলাকাবাসীর প্রত্যাশা, আর যেন প্রতিশ্রুতি ও অপেক্ষার মধ্যে আটকে না থাকে বগা সেতু।