নওগাঁর মান্দায় গ্রামীণ পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও পল্লী চিকিৎসকদের সেবাদান কার্যক্রম আরও গতিশীল করতে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন সভাপতিত্ব স্থানীয় সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপুর উদ্যোগে পল্লী চিকিৎসকদের মাঝে ব্লাড প্রেসার মেশিন, স্টেথোস্কোপ ও চিকিৎসাসামগ্রী বহনের ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব-উল আলম, উপজেলা প্রকৌশলী শাহারিয়ার, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পল্লী চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু বলেন, গ্রামীণ জনপদে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ অনেক সময় হাতের কাছেই পল্লী চিকিৎসকদের কাছ থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে সেবার মান ও সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।