কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার অনেক ঐতিহ্য ও সংস্কৃতি। তবে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকরা এখনো ধরে রেখেছেন বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। নতুন ধানের চাল ঘিরে এ উৎসব উপলক্ষ্যে গ্রামজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। জামাই-ঝি, আত্মীয়-স্বজন ও প্রিয়জনদের নিয়ে চলে খাওয়া-দাওয়া ও আনন্দ উৎসব।
নবান্ন বাঙালির শস্যভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব। নতুন আমন ধান ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করে নিতে নন্দীগ্রামের কৃষকরা প্রতিবছর এ উৎসব পালন করেন। মুসলিম কৃষকরা অগ্রহায়ণ মাসের প্রথম শুক্রবার থেকে নবান্ন উৎসব উদযাপন শুরু করেন। এ উৎসব চলে বেশ কয়েকদিন ধরে। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বী কৃষকরা সনাতনী পঞ্জিকা অনুযায়ী পহেলা অগ্রহায়ণ নবান্ন উৎসব পালন করেন।
এ সময় গ্রামবাংলার প্রতিটি বাড়িতে নতুন চালের ভাত, বিরিয়ানি, পিঠাপুলি ও পায়েসসহ নানা রকম সুস্বাদু খাবার রান্না করা হয়। এসব খাবারের মন মাতানো মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে।
নবান্ন উৎসব উপলক্ষ্যে মুসলিম কৃষকরা জামাই-ঝি ও আত্মীয়-স্বজনদের বাড়িতে আমন্ত্রণ জানান। অতিথিদের আপ্যায়নে গরু, মহিষ ও খাসির মাংস, মাছ, নতুন চালের ভাত এবং বিরিয়ানিসহ বিভিন্ন ধরনের খাবার রান্না করা হয়। পাশাপাশি তৈরি করা হয় নানা রকমের পিঠাপুলি ও পায়েস। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে চলে আনন্দঘন ভোজের আয়োজন।
একইভাবে সনাতন ধর্মাবলম্বী কৃষকরাও নবান্ন উৎসব উপলক্ষ্যে জামাই-ঝি ও আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ জানান। তাঁদের বাড়িতেও নতুন চালের ভাত, বড় বড় মাছ, বিরিয়ানি, পিঠাপুলি, পায়েসসহ নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন করা হয়। নতুন ধানের চাল দিয়ে তৈরি খাবার পরিবেশনের মধ্যদিয়ে তাঁরা ভাগাভাগি করে নেন নতুন ফসল ঘরে তোলার আনন্দ।
কৃষকদের কাছে নবান্ন শুধু খাওয়া-দাওয়ার উৎসব নয়, এটি তাঁদের প্রাণের উৎসব। এ উৎসবের মধ্যদিয়ে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হওয়ার পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক ও সামাজিক সম্প্রীতিও সুদৃঢ় হয়। নতুন ফসল ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি হয়।
উপজেলার রণবাঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব বলেন, আমরা প্রতিবছর নবান্ন উৎসব পালন করে আসছি। আত্মীয়-স্বজনদের নিয়ে এ উৎসব করতে খুব ভালো লাগে। সবাই একসঙ্গে আনন্দ করে খাওয়া-দাওয়া করি। এতে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়।
নন্দীগ্রাম পূর্বপাড়ার কৃষক অসিম কুমার রায় বলেন, আমরা পহেলা অগ্রহায়ণ নবান্ন উৎসব পালন করেছি। এ উপলক্ষ্যে বিভিন্ন ধরনের মাছসহ নানা রকমের খাবারের আয়োজন করা হয়। আত্মীয়-স্বজনদের নবান্নের খাবার খাওয়াতে খুব আনন্দ লাগে। এ আনন্দ ও ঐতিহ্য ধরে রাখতেই আমরা প্রতিবছর নবান্ন উৎসব পালন করে আসছি।
নন্দীগ্রাম উপজেলায় নবান্ন উৎসব উপলক্ষ্যে বিভিন্ন স্থানে গরু, মহিষ ও খাসি জবাই করা হয়। পাশাপাশি বসে মাছের মেলা। এসব মেলায় ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও থাকে লক্ষণীয়। নতুন ধানের চাল, নানা ধরনের খাবার এবং আত্মীয়-স্বজনদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে গ্রামবাংলার জনপদ। এসব আয়োজনই প্রমাণ করে, নবান্ন উৎসব নন্দীগ্রাম উপজেলার কৃষকদের কাছে কতটা প্রিয় ও গুরুত্বপূর্ণ।