বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে মোংলা সমুদ্রবন্দর সহ সুন্দরবন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। গত বুধবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত টানা তিনদিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। এতে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে।
বৈরী আবহাওয়ার কারণে মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও বোঝাই কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের মাছ ধরা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানান, বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া, বহিঃনোঙ্গর ও জেটিতে বর্তমানে কয়লা, ক্লিংকার, মেশিনারিজ, গম ও সারসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে মোট ১৩টি দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে পন্য খালাসের জন্য অবস্থান করছে। এর মধ্যে গম ও সারবাহী রয়েছে ৭টি বিদেশী জাহাজ। এসব জাহাজের পন্যে বৃষ্টি পানি লাগলে পচন ও ভিজে নষ্ট হবে ফলে খালাস কাজ বন্ধ রাখতে হয়েছে। সাগর নদীতে দমকা ও ঝোড়ো হাওয়া এবং উপক’ল জুড়ে অবিরাম বৃষ্টির কারণে এসব জাহাজে নিয়মিত পণ্য খালাস ও বোঝাইয়ের কাজ স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বন্দর কর্তৃপক্ষ ও হারবার বিভাগের পক্ষ থেকে নৌযান ও জাহাজের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে এবং পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া শত শত ট্রলার ও নৌকা নিয়ে জেলেরা সুন্দরবন সংলগ্ন চরাঞ্চলের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন। আবহাওয়া ও সতর্কতা সংকেতের প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। টানা বৃষ্টি, ঝোড়ো বাতাশ ও বৈরী আবহাওয়ায় উপকূলীয় জনপদের খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও সাধারণ বাসিন্দাদের দৈনন্দিন চলাচল ও জীবিকায় বিঘ্ন ঘটছে।
মোংলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সম্প্রতি কয়েক দিনের তাপদাহের পর গত বুধবার থেকে মোংলাসহ দক্ষিণাঞ্চলের আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়, যা শুক্রবারও অব্যাহত রয়েছে। কখনো থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টির সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বইছে। আবহাওয়া অফিসের হারুন আর রশিদ জানান, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে শুক্রবার দুপুর ১২টায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আকাশে ঘন মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে এবং উপকূলীয় এলাকা ও মোংলা সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিস আরও জানায়, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগরে বাতাশ, বৃষ্টি ও বৈরী আবহাওয়া বিরাজ করলেও উপকূলে বড় ধরনের কোনো আঘাত হানার শঙ্কা নেই; এ নিয়ে আতঙ্কিত বা আশঙ্কার কিছু নেই। তবে ঝোড়ো হাওয়া ও উত্তাল সাগরের কারণে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণাঞ্চলে চলমান এ বৃষ্টিপাত দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে দু’এক দিনের মধ্যে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া সংশ্লিষ্টরা মনে করছেন, বৃষ্টিপাত কমে গেলে ধীরে ধীরে শীতের প্রবণতা বেড়ে যেতে পারে। সব মিলিয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দর, সাগর ও সুন্দরবন উপকূলজুড়ে সতর্কতামূলক অবস্থা বজায় রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন বন্দর সংশ্লিষ্ট ও উপকূলবাসী।