নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তবে ঘটনার স্থান, সময় ও ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ ও রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩২ সেকেন্ডের একটি ভিডিওতে রাতের আঁধারে রেললাইনের ওপর রড বা তারের মতো একটি বস্তুতে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় পেছনে রাজনৈতিক স্লোগানও শোনা যায়। তবে ভিডিওটি নাটোরের আমহাটি এলাকায় ধারণ করা হয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় কয়েকটি সূত্র ও গণমাধ্যমের খবরে দাবি করা হয়, লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রেললাইনে আগুন দেন। তবে এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ছাতনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সংবাদ প্রকাশের পর তারা ১০ থেকে ১৫ জন লোক নিয়ে রেললাইন এলাকায় খোঁজখবর নেন। তবে প্রাথমিকভাবে সেখানে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত হতে পারেননি।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, তারা বিষয়টি শুনেছেন। স্থানীয় গোয়েন্দা সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করছেন। গোয়েন্দা সূত্রে সন্ধ্যায় অগ্নিসংযোগের তথ্য পাওয়া যায়নি। তবে সকালে রেললাইনের ওপর ছাই থাকার কথা শোনা গেছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, রেললাইনে আগুন লাগার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।