রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষিজমি, বিশেষ করে তিন ফসলি জমিতে পুকুর খননের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন এলাকায় কমবেশি চলছে পুকুর খনন। কোথাও প্রকাশ্যে, আবার কোথাও রাতের আঁধারে একাধিক ভেকু মেশিন দিয়ে চলছে মাটি কাটার কাজ। এতে উর্বর কৃষিজমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তনের পাশাপাশি কৃষি উৎপাদন ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বিশেষ করে তাহেরপুর পৌরসভার মথুরাপুর নদীর ধারে একাধিক স্থানে, শ্রীপুর ইউনিয়নের মজিদপুরের খয়রার বিলে, হামিরকুৎসা ইউনিয়নের উদপাড়া বিলে এবং শুভডাঙ্গা ইউনিয়নের শোলা বিলসহ বিভিন্ন এলাকায় পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে লিখিত আবেদন, ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনকে বারবার জানানো হলেও অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।
স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, তাহেরপুর পৌরসভা এলাকায় পুকুর খনন কার্যক্রমের সঙ্গে বিএনপি নেতা বাশার ও যুবদল নেতা আলীমের সম্পৃক্ততা রয়েছে। অন্যদিকে তাহেরপুর পৌরসভার নূরপুর এলাকায় হান্নান, মজনু ও ওহাবের বিরুদ্ধে পুকুর খনন কার্যক্রম নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
শ্রীপুর ইউনিয়নের মজিদপুরের খয়রার বিলে পুকুর খননের সঙ্গে যুবদল নেতা নজের মাস্টারের ছেলে বাবু এবং ফয়েজের ছেলে যুবদল নেতা আজাদের সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, পুকুর খননের সঙ্গে জড়িত কিছু প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের একটি অংশের সঙ্গে যোগাযোগ ও সমঝোতার ভিত্তিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমনকি কোথাও কোথাও বিঘাপ্রতি আর্থিক চুক্তির মাধ্যমে পুকুর খননের সুযোগ করে দেওয়ার অভিযোগও উঠেছে। উপজেলা প্রশাসন ও ভূমি প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
অভিযোগের সত্যতা যাচাই করে জড়িত ব্যক্তি যে-ই হোন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
এলাকাবাসীর অভিযোগ, মাঝেমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হলেও পুকুর খনন স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না। ভেকু মেশিন জব্দ বা কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় অভিযান শেষ হওয়ার পর আবার রাতের আঁধারে খননকাজ শুরু হয়। ফলে প্রশাসনের অভিযান অনেক ক্ষেত্রে সাময়িকভাবে সীমাবদ্ধ থাকছে বলে অভিযোগ তাঁদের।
প্রশ্ন উঠেছে, জরিমানা করেই কি প্রশাসনের দায়িত্ব শেষ? কৃষিজমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?
শ্রীপুর ইউনিয়নের মজিদপুরের খয়রার বিল নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, এ বিলে প্রায় ৩০০ থেকে ৪০০ বিঘা কৃষিজমি রয়েছে। এসব জমির বড় অংশে বছরে একাধিকবার ফসল উৎপাদিত হয়। বর্তমানে একটি স্থানে পুকুর খননের অভিযোগের পাশাপাশি আরও কয়েকটি পক্ষ নতুন করে খননের প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছেন তাঁরা। তাঁদের আশঙ্কা, একযোগে চার-পাঁচটি স্থানে খনন শুরু হলে অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ কৃষিজমি পুকুরে পরিণত হতে পারে।
এ অবস্থায় খননকাজ শুরু হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন তদন্ত ও জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তাঁদের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে কয়েকশ বিঘা উর্বর কৃষিজমি স্থায়ীভাবে কৃষি উৎপাদনের বাইরে চলে যেতে পারে।
কৃষিজমিতে অপরিকল্পিত পুকুর খননের ফলে শুধু জমির শ্রেণি ও প্রকৃতিই পরিবর্তিত হয় না; এর প্রভাব পড়ে খাদ্য উৎপাদন, পানি নিষ্কাশন, জীববৈচিত্র্য ও স্থানীয় পরিবেশের ওপরও। বিশেষ করে তিন ফসলি জমি পুকুরে রূপান্তরিত হলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন ও কৃষিনির্ভর মানুষের জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, কৃষিজমি সুরক্ষার আইন ও প্রশাসনিক নির্দেশনা থাকা সত্ত্বেও বাগমারায় একের পর এক পুকুর খননের অভিযোগ কেন বন্ধ হচ্ছে না? প্রশাসন কি এসব কর্মকাণ্ড প্রতিরোধে অসহায়, নাকি নেপথ্যে কোনো প্রভাবশালী মহলের স্বার্থ কাজ করছে? অভিযোগের সত্যতা যাচাই করে পুকুর খননের সঙ্গে জড়িত ব্যক্তি এবং কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি না—এখন সেটিই এলাকাবাসীর প্রত্যাশা।
এ বিষয়ে উপজেলা প্রশাসন, ভূমি প্রশাসন, পুকুর খননের সঙ্গে জড়িত ব্যক্তি ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
খয়রার বিলসহ বাগমারার বিভিন্ন এলাকায় কৃষিজমি রক্ষায় জেলা প্রশাসক মহোদয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিক ও স্থানীয় এলাকাবাসী। তাঁদের দাবি, অভিযোগগুলো সরেজমিনে তদন্ত করে অবৈধ পুকুর খনন বন্ধ, জড়িতদের শনাক্ত এবং প্রশাসনের কোনো কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশের অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।