দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ, বিশিষ্ট সাংবাদিক অমিত হাসান রবিনের রাজবাড়ির পাংশায় পুইজোর গ্রামের বাড়িতে গতরাতে দরজা ভেঙে ঘরে ঢুকে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট ও পরিবারের সদস্যদের জিম্মি করে মারধরের ঘটনা ঘটছে।
এদিকে ঢাকা থেকে নিজ বাড়ি রাজাপুরে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বিএমএসএফের সদস্য, সাংবাদিক মাইনুল হাসান মৃধা। তাকে জোরপূর্বক বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টাকালে গাড়ি থেকে ছিটকে পড়ে প্রাণে রক্ষা পায়। স্থানীয়রা তার ডাক চিৎকার শুনে এগিয়ে এলে তাকে একটি জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনায় নিন্দা, ক্ষোভ, প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, গণমাধ্যম এবং সাংবাদিকদের সঙ্গে যা ঘটানো হচ্ছে এতে আমরা রীতিমতো বিব্রত।
মঙ্গলবার ১০ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে একদল সন্ত্রাসী অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে, পরিবারের সদস্যদের মারধর করে এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
আমরা মনে করছি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিতে এবং ভয়ভীতি সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
একইসাথে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, ভুক্তভোগী সাংবাদিক অমিত হাসান রবিন ও মাইনুল হাসান মৃধার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় দেখে ছাড় দেওয়া যাবে না, এমনটা করা হলে আইনের শাসন প্রতিষ্ঠা কোনো ভাবেই সম্ভব হবে না।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে মফস্বলে সাংবাদিকতা করা অসম্ভব হয়ে উঠবে। রাষ্ট্র যন্ত্র
বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে আশা করছি।