চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত দুলাল মিয়াজী উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে অবস্থান করতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে, বিশেষ করে স্ত্রীর সঙ্গে শেষবারের মতো কথা বলেন তিনি। পরে ঘুমাতে যান। বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি পরিবারকে জানান।
পরিবারের সদস্যদের দাবি, দুলাল মিয়াজীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম দেখা গেছে। তাঁদের ধারণা, মৃত্যুর পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রাথমিক তদন্ত শুরু করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে, সাবেক এই জনপ্রতিনিধির মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। কী কারণে এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।