নওগাঁর মান্দা উপজেলার ১১নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম (বাবু) সাময়িক বরখাস্তের মাত্র ৯ দিনের মাথায় আইনি পক্রিয়ার মাধ্যমে স্বপদে বহাল হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ১১নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে গত ১ নভেম্বর ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের একটি প্রজ্ঞাপনে (স্মারক নং-১০১৪) জনস্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারার আলোকে তাঁকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না—তা জানতে চেয়ে চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
তবে অভিযোগ উঠেছে, কারণ দর্শানোর নোটিশ জারির একই দিনে নিয়মবহির্ভূতভাবে একই আইনের ৩৪(১) ধারানুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
এ বিষয়ে স্বপদে বহাল হওয়া ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু বলেন, "একটি প্রভাবশালী মহল ক্ষমতা দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গত ১ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ প্রদান করে একই সময়ে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছিল। পরবর্তীতে আমি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি (রিট পিটিশন নং-৩৪)। আদালতের আদেশে ৯ নভেম্বর আমি আমার চেয়ারম্যান পদ ফিরে পেয়েছি এবং বর্তমানে স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করছি।